মিশরের ফতোয়া প্রদানের সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘দার আল-ইফতা আল-মিসরিয়্যাহ’-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ড. আইয়াদ বলেন, কুরআনের গূঢ় অর্থ উদ্ধারের জন্য স্বাধীনভাবে বা এককভাবে এআই টুলের ব্যবহার ইসলামি শরিয়াহ অনুযায়ী বৈধ নয়।
তিনি জোর দিয়ে বলেন, এই নির্দেশনার উদ্দেশ্য হলো কুরআনকে মানুষের অনুমান ও জল্পনা-কল্পনা থেকে রক্ষা করা। সেই সঙ্গে সঠিক জ্ঞান বা প্রাতিষ্ঠানিক পাণ্ডিত্য ছাড়া কুরআনের মনগড়া ব্যাখ্যা ছড়িয়ে পড়া রোধ করা।
ড. আইয়াদ আরও উল্লেখ করেন যে, কুরআনের ব্যাখ্যা কেবল তাদের মাধ্যমেই সম্পন্ন হওয়া উচিত যারা তাফসির ও ফিকহ শাস্ত্রের স্বীকৃত পদ্ধতি ও গবেষণার বিষয়ে পারদর্শী। বিশেষজ্ঞ আলেমদের দ্বারা যাচাই করা হয়নি—এমন কোনো অর্থ কুরআনের ওপর আরোপ করার বিরুদ্ধে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, এমনটি করলে পবিত্র গ্রন্থের অখণ্ডতা ও মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে।







