বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সংগঠনটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এতে শিবিরের শীর্ষ তিন পদে স্থান পেয়েছেন ডাকসু এবং রাকসুর ছাত্রসংসদ নেতারা।
শিবিরের আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্বে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসুর) ভিপি আবু সাদিক কায়েম, প্রচার সম্পাদক পদে ডাকসুর জিএস এসএম ফরহাদ।
সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসুর) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ-২০২৬-এর দিনব্যাপী প্রথম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়।
সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় ও কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি) এবং সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছাত্রশিবিরের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য হিসেবে কার্যকরী পরিষদ সদস্যদের দেশ-জাতি সেবা ও সংগঠন পরিচালনার জিম্মাদারি ভূমিকা যথাযথভাবে পালনের আহ্বান জানান তারা। পাশাপাশি জাতীয় সংকট নিরসন ও সামাজিক ঐক্য গঠনে ছাত্রশিবিরকে অগ্রণী ভূমিকা পালনের প্রতি গুরুত্বারোপ করেন।
শিবিরের পূর্ণাঙ্গ কমিটিতে অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজুর রহমান আজাদ, মিডিয়া সম্পাদক হয়েছেন মু’তাসিম বিল্লাহ শাহেদী, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম। সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা এবং ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে রেজাউল করিম শাকিল, ছাত্রঅধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব।
এর আগে গত ২৬ ডিসেম্বর শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভোটের মাধ্যমে নতুন সভাপতি এবং সেক্রেটারি নির্বাচন করেন ছাত্রশিবিরের সদস্যরা। সেদিন বিকেলে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সভাপতি ও সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন নূরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল হয়েছেন সিবগাতুল্লাহ।







