বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারত সরকারের কাছে ফেরত পাঠানোর দাবি জানানো হয়েছে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা সবসময় শেখ হাসিনাকে আইন অনুযায়ী প্রত্যর্পণের দাবি জানিয়েছি। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমরা ভারত সরকারের কাছে দাবি জানাই, তাকে যেন বিচারের মুখোমুখি করার জন্য ফেরত পাঠানো হয়।’
আওয়ামী লীগের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশের মানুষ জানে এটি অত্যন্ত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে। আমাকে আওয়ামী লীগের কৃতকর্ম বর্ণনা করতে হবে না, মানুষ তাদের ২০২৪ সালের আগস্টে প্রত্যাখ্যান করেছে। তাদের বিচার করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘যদিও তদন্ত চলমান আছে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে, আমি আশা করছি প্রসিকিউশন দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘সব প্রতিবেশী দেশসহ সবার সঙ্গে আমরা সমতা, আত্মমর্যাদা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব।’







