বগুড়ায় সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও অপকর্মের অভিযোগ উঠেছে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া।
এক যৌথ বিবৃতিতে বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কিছু ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন স্থানে অর্থ দাবি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছেন বলে তাদের কাছে অভিযোগ এসেছে।
এসব ঘটনার ফলে প্রকৃত গণমাধ্যমকর্মীদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এতে সাংবাদিকতা পেশার প্রতি জনআস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা উল্লেখ করেন।
বিবৃতিতে বলা হয়, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ পেশা। এ ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা, যথাযথ নিবন্ধন এবং কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। প্রকৃত সাংবাদিক ও ভুয়া পরিচয়ধারীদের আলাদা করে চিহ্নিত করার ওপরও গুরুত্বারোপ করেন নেতারা।
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ প্রক্রিয়া গড়ে তোলার দাবি জানানো হয়।
দ্রুত ব্যবস্থা না নিলে সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও সতর্ক করা হয়েছে বিবৃতিতে। গণমাধ্যমের ভাবমূর্তি রক্ষায় প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন নেতারা।







