ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
    • অন্যান্য

    বগুড়ায় ভেজাল মসলা তৈরি, তিন লাখ টাকা জরিমানা

    বগুড়া প্রতিনিধি
    মার্চ ৯, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ

    আমদানিকৃত জিরার সঙ্গে সস্তা ক্যারাওয়ে সিড মিশিয়ে ভেজাল মসলা তৈরির দায়ে বগুড়ার এক ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভারতীয় একটি ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল জিরা মোড়কজাত করতেও দেখা যায় ওই প্রতিষ্ঠানে। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল মসলা জব্দ করা হয়।

    সোমবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার এরুলিয়ার কৃষ্ণপুর এলাকায় অবস্থিত মো. শাহিন আলমের মসলার গোডাউনে এ যৌথ অভিযান চালানো হয়। জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও র‌্যাব-১২ সিপিএসসি, বগুড়া যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

    অভিযান পরিচালনাকালে দেখা যায়, আমদানিকৃত জিরার সঙ্গে জিরা সদৃশ কিন্তু তুলনামূলকভাবে অর্ধেক মূল্যের ‘ক্যারাওয়ে সিড’ মিশ্রিত করা হচ্ছে। পরে সেই ভেজাল মসলা জিরা হিসেবে বাজারে বিক্রির উদ্দেশ্যে মোড়কজাত করে সংরক্ষণ করা হচ্ছিল। আরও অভিযোগ উঠেছে, আমদানির সময় ‘ক্যারাওয়ে সিড’ নামে ঘোষণা দিয়ে আনা হলেও পরে তা পলিশ মেশিনে ঘষে ভারতীয় ব্র্যান্ড ‘বিটি ডায়মন্ড জিরা’র নকল মোড়কে ‘জিরা’ নামে বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছিল প্রতিষ্ঠানটি।

    এসব অপরাধে দোষ স্বীকার করায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমাদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৫ ও ২৬ ধারায় ওই মসলার গোডাউনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা হয় জিরা ৪২ বস্তা এবং ক্যারাওয়ে সিড ১৮০ বস্তা (খোলা ১২ বস্তাসহ)।

    অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, জেলা প্রশাসনের সাপোর্ট স্টাফ এবং র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি চৌকস টিম।

    অভিযান শেষে আমদানিতে জিরা ও ক্যারাওয়ে সিডের মোড়কে ঘোষণা অনুযায়ী বিক্রি নিশ্চিত করতে মসলা আমদানিকারক সমিতির সভাপতিকে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।