ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তিত্ব, যিনি কোনো যুক্তির কাছেই পরাজয় স্বীকার করতে নারাজ। সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে তাঁর প্রশাসনের কয়েকশ কোটি ডলারের আর্থিক সমঝোতা নিয়ে যে টানাপোড়েন চলছে, তাতে ট্রাম্পের চিরচেনা সেই আক্রমণাত্মক ভঙ্গি আবারও বিশ্ববাসীর নজরে এসেছে। দ্য নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, হার্ভার্ডের কাছে ২০০ কোটি ডলার দাবির অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত মিলতেই ট্রাম্প বিষয়টি অন্য মোড় ঘুরিয়ে দিয়েছেন।
তিনি মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা করেছেন, হার্ভার্ডের কাছে তাঁর দাবি এখন ১০০ কোটি ডলার এবং ভবিষ্যতে এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তিনি আর কোনো সম্পর্কই রাখতে চান না। এই আচরণের গভীরে লুকিয়ে আছে ট্রাম্পের এক বিশেষ মনস্তাত্ত্বিক ঢাল, কেউ আমাকে প্রত্যাখ্যান করার আগেই, আমি তাকে প্রত্যাখ্যান করি।







