ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
    • অন্যান্য

    জাগপা ছাত্রলীগ নাম বদলে এখন ‘জাগপা ছাত্র কাফেলা’

    গণচিত্র ডেস্ক
    মার্চ ৩, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ

    জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার ছাত্র সংগঠন ‘জাগপা ছাত্রলীগ’ নাম পরিবর্তন করে ‘জাগপা ছাত্র কাফেলা’ করেছে। সোমবার সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

    সংগঠনের সভাপতি আব্দুর রহমান ফারুকী জাগপার মুখপাত্র রাশেদ প্রধানকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত অবহিত করেন। ১৯৮০ সাল থেকে ‘জাগপা ছাত্রলীগ’ নামে কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

    নাম পরিবর্তনের বিষয়ে আব্দুর রহমান ফারুকী বলেন, “জাগপা ছাত্রলীগ ১৯৮০ সালে মজলুম জননেতা শফিউল আলম প্রধানের হাতে সৃষ্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার ছাত্র সংগঠন হিসেবে পরিচিত। ১৯৯০ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ দেশের স্বার্থে ও গণতন্ত্রের লড়াইয়ে জাগপা ছাত্রলীগ বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। দুর্ভাগ্যজনকভাবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দীর্ঘদিনের সন্ত্রাসী ভূমিকার কারণে ‘ছাত্রলীগ’ নামটির প্রতি জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দেশের মানুষের মনোভাবের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনের কেন্দ্রীয় সংসদের জরুরি বৈঠকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

    সংগঠন সূত্রে জানা যায়, ১৯৪৮ সালে ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’ প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামে পরিচিতি পায়। ১৯৭৫ সালে একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তনের সময় সংগঠনটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। সে সময় ছাত্রলীগের একাংশ ‘ছাত্রলীগ প্রধান’ নামে কার্যক্রম চালায়। পরবর্তীতে ১৯৮০ সালে সেটির নামকরণ করা হয় ‘জাগপা ছাত্রলীগ’।

    নতুন নামে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।