বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ঢাকা থেকে আমন্ত্রণ জানানো হলেও কোনও পর্যবেক্ষক পাঠায়নি ভারত।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ সম্মেলনের অনুলিখন অনুসারে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমরা আমন্ত্রণ পেয়েছিলাম। তবে আমরা বাংলাদেশে কোনও পর্যবেক্ষক পাঠাইনি।
তিনি আরও উল্লেখ করেন যে, ভারত বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায়।
বাংলাদেশে চলমান নির্বাচনের ফলাফল ও জনগণের ম্যান্ডেট কী হয়, তা জানার জন্য ভারত আগামী কয়েক ঘণ্টা অপেক্ষা করবে বলে জানান মুখপাত্র। ফলাফল প্রকাশের পরই নয়াদিল্লি তাদের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করবে।







